বরিস চেরনির বয়স ৩৫। অ্যানথ্রপিকে তাঁর পদ ‘হেড অব অ্যাপ্লিকেশনস’। তিনিই তৈরি করেছেন ক্লড কোড—এমন একটি কোডিং এজেন্ট, যা ব্যবহারকারীর হয়ে কোড লিখতে, কমান্ড চালাতে ও ফাইল নিয়ে কাজ করতে পারে।
মেটায় প্রায় সাত বছর কাজের পর তিনি ২০২৪ সালে অ্যানথ্রপিকে যোগ দেন। মেটায় তিনি ইনস্টাগ্রাম, ফেসবুক গ্রুপস ও কোড কোয়ালিটি দলে কাজ করেছেন।
প্রোটোটাইপটি
প্রতিষ্ঠানে প্রথম মাসটি তাঁর কেটেছে মডেলগুলো কী পারে তা পরখ করে। মোড় ঘোরে ছোট একটি কমান্ড–লাইন টুলে, যেটি ক্লডকে সরাসরি তাঁর কম্পিউটারের অপারেটিং সিস্টেমে পৌঁছাতে দিয়েছিল।
পরীক্ষাটি ইচ্ছে করেই ছিল তুচ্ছ: তিনি কোন গান শুনছেন, তা বের করা।
কোড লিখতে না বলা সত্ত্বেও মডেলটি উত্তর দিতে কোড লিখে ফেলে। লেনিস পডকাস্টে তিনি বলেন, ‘মডেলটিকে এই টুল দেওয়া হয়েছিল, আর সে নিজেই বের করেছে কীভাবে তা কাজে লাগিয়ে আমার প্রশ্নের উত্তর দেওয়া যায়—যে প্রশ্নের উত্তর সে দিতে পারবে কি না, আমি নিজেও নিশ্চিত ছিলাম না।’
শখের সেই প্রকল্পই হয়ে ওঠে ক্লড কোড, ফেব্রুয়ারিতে যার রান–রেট আয় ছাড়ায় ২৫০ কোটি ডলার।

আয়ের চেয়েও বড় যে সংখ্যা
অ্যানথ্রপিক পরে বানায় ক্লড কোওয়ার্ক—সাধারণ অফিস–কাজের একটি এজেন্ট, যা ফাইল সামলায় ও কাজ স্বয়ংক্রিয় করে। ক্লড কোড ব্যবহার করে তারা এটি বানিয়েছে দশ দিনে।
দশ দিন—এই দাবিটি নিয়েই ভাবা দরকার। এটি পণ্যের মান নিয়ে বক্তব্য নয়; বরং কিছু বানানোর সিদ্ধান্ত আর সেটির অস্তিত্ব পাওয়ার মধ্যকার দূরত্ব কতটা ছোট হয়ে এসেছে, তার বক্তব্য।
কোওয়ার্ক আছে, কারণ চেরনি দেখেছিলেন মানুষ একটি কোডিং সরঞ্জাম দিয়ে এমন কাজ করছে, যা কোডিং নয়। তিনি নিজে এটি ব্যবহার করেন প্রকল্প ব্যবস্থাপনায় এবং পার্কিংয়ের জরিমানা দিতে।
সিলিকন ভ্যালির বাইরে ছবিটি কেমন
মিড–ওহাইও ফুড কালেকটিভে কারিগরি নন এমন কর্মীরাও নিয়মিত ক্লড কোড ব্যবহার করেন। সেখানকার পুষ্টি বিভাগের পরিচালক একটি গেম বানিয়েছেন—বর্ণনা অনুযায়ী যা খাবারের জন্য টিন্ডারের মতো—যাতে পরিবারগুলো পছন্দ অনুযায়ী স্বাস্থ্যকর খাবার বাছতে পারে।
ভাবনাটি নতুন নয়। প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশল পরিচালক মার্ক মলেনকফের কাছে এখনো ২০১৭ সালের হোয়াইটবোর্ডের ছবি আছে, যেখানে ধারণাটি আঁকা। নয় বছর এটি হেরেছে অগ্রাধিকারের কাছে।
মলেনকফ বলেন, ‘আজই আমরা এটি চালু করছি না, তবে এটিই সেই মুক্তি, যা আমাদের বহু পুরোনো ভালো ভাবনাগুলোকে সবার নাগালে আনতে দেয়।’
নীরব পরিবর্তনটি এখানেই। বাধা কখনো ভাবনা ছিল না। বাধা ছিল, কাউকে তিন সপ্তাহ খালি থাকতে হতো সেটি বানাতে।
নির্মাতা নিজে স্বস্তির গল্প শোনাচ্ছেন না
চাকরির ওপর প্রভাব নিয়ে প্রশ্নে চেরনি আশ্বাসের পথে যাননি। এ বছরের শুরুতে তিনি সিএনএনকে বলেন, ‘আমার মনে হয়, শ্রমবাজারে—বিশেষ করে প্রকৌশলীদের জন্য—এটি বিঘ্ন ঘটাবে।’ তিনি যোগ করেন, ‘আশা করি দীর্ঘ মেয়াদে এটি মানবজাতির জন্য দারুণ কিছু হবে।’
দুটি অংশ খেয়াল করার মতো: বিঘ্নের কথা তিনি বলছেন নিশ্চিতভাবে, ভালো ফলের কথা বলছেন আশা হিসেবে।
বাণিজ্যিকভাবে এর গুরুত্ব কোথায়
খরচ–পর্যবেক্ষক প্রতিষ্ঠান র্যাম্পের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আরা খারাজিয়ান বলছেন, ব্যবসায় এআই খরচ বাড়তে শুরু করে ২০২৫ সালের শেষ দিকে, মে মাসে ক্লড কোড সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর।
অ্যানথ্রপিকের প্রত্যাশিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)—যার আকার এক ট্রিলিয়ন ডলারের বেশি বলে বলা হচ্ছে—নির্ভর করছে ক্লড কেবল প্রকৌশলীদের নয়, অফিস–কাজেরও অপরিহার্য অংশ হয়ে উঠতে পারে কি না তার ওপর।
ঝুঁকিও আছে: ওপেনএআইয়ের প্রতিযোগিতা, অল্পসংখ্যক বড় গ্রাহকের ওপর নির্ভরতা এবং এমন মূল্যায়ন, যেখানে একটি মন্থর বছরের জায়গা নেই।




