বিশ্ব প্রযুক্তি

কঠিন অঙ্কে চ্যাটবটকে হারিয়ে দিলেন শিক্ষক, পার্থক্য গড়ল মানসিক চাপ

চ্যাটবট শিক্ষার্থীদের লেগে থাকতে সাহায্য করেছে। কিন্তু কাজটা সহজ করেনি—আর সেখানেই আসল পার্থক্য।

কঠিন অঙ্কে চ্যাটবটকে হারিয়ে দিলেন শিক্ষক, পার্থক্য গড়ল মানসিক চাপ

কঠিন অঙ্ক বুঝতে শিক্ষার্থীদের সাহায্য করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) টিউটরের চেয়ে একজন মানুষ শিক্ষক এগিয়ে—কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমনটাই উঠে এসেছে। তবে পার্থক্যটা ধরা পড়েছে এমন জায়গায়, যেখানে কেউ খোঁজার কথা ভাবেনি।

গবেষকেরা দেখেছেন, তিন ধরনের সহায়তা নিয়ে ১৪৯ জন সিক্সথ ফর্ম শিক্ষার্থী কীভাবে অঙ্ক সমাধান করেন—একজন মানুষ শিক্ষক, একটি এআই চ্যাটবট, আর এআই সুবিধা বন্ধ করে দেওয়া একটি সার্চ ইঞ্জিন।

গবেষণাটি সাজানো হলো যেভাবে

শিক্ষার্থীদের বয়স ছিল ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তাঁদের নেওয়া হয়েছিল ইংল্যান্ডের একটি বড় সিক্সথ ফর্ম কলেজ থেকে। ২০ মিনিট করে ধাপে ধাপে তাঁদের অঙ্ক কষতে দেওয়া হয়, আর সেসব অঙ্ক ইচ্ছে করেই রাখা হয়েছিল এ লেভেলের মানের চেয়েও কঠিন—এতটাই যে কারও পক্ষেই সহজে পার পাওয়া সম্ভব ছিল না।

প্রত্যেক শিক্ষার্থীকে এলোমেলোভাবে তিনটি দলের একটিতে রাখা হয়। এআই টিউটর হিসেবে ছিল খানমিগো লাইট, শিক্ষার কাজে বিশেষায়িত একটি চ্যাটবট। মানুষ শিক্ষক আর চ্যাটবট—দুজনকেই একই নির্দেশ দেওয়া হয়েছিল: সরাসরি উত্তর বলে দেওয়া যাবে না, শিক্ষার্থীকে নিজে সমাধানে পৌঁছাতে সাহায্য করতে হবে।

এই নকশাটাই গুরুত্বপূর্ণ। চ্যাটবট অঙ্ক কষতে পারে কি না, এটি তার পরীক্ষা নয়—সেটি সে স্পষ্টতই পারে। এটি পরীক্ষা করে দেখছে, চ্যাটবট একজন মানুষকে অঙ্ক কষতে শিখতে সাহায্য করতে পারে কি না।

৫.৮%, ১৯.২%, ৩২%
চাপ অনুভব করা শিক্ষার্থী: শিক্ষক, চ্যাটবট, সার্চ ইঞ্জিন। ছবি: লুক কমো-মোঁতাস, উইকিমিডিয়া কমন্স।

ফল যা এল

চ্যাটবটের দলটি জানিয়েছে, শিক্ষকের সঙ্গে কাজ করা দলটির চেয়ে তাঁরা উল্লেখযোগ্যভাবে বেশি পরিশ্রম করেছেন। ওপর ওপর দেখলে এটিকে জয় বলেই মনে হয়—যে অঙ্ক ছেড়ে উঠে যাওয়া যেত, চ্যাটবট কিশোর-কিশোরীদের তাতেই লেগে থাকতে বাধ্য করেছে।

কিন্তু মানসিক চাপের হিসাব অন্য কথা বলে। পরীক্ষা শেষে শিক্ষকের তত্ত্বাবধানে থাকা দলের ৫.৮ শতাংশ জানিয়েছেন তাঁরা চাপ অনুভব করেছেন। এআইয়ের দলে সেই হার ১৯.২ শতাংশ, আর কেবল সার্চ ইঞ্জিন নিয়ে বসা দলে ৩২ শতাংশ। সার্চ ইঞ্জিনের দলটি অঙ্কের চেষ্টাও করেছে সবচেয়ে কম।

অর্থাৎ চ্যাটবট লেগে থাকার অভ্যাসটা কিনে দিয়েছে, আর তার দাম মিটিয়েছে চাপ দিয়ে।

গবেষকেরা যা বলছেন

গবেষণাটির নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষা অনুষদের ডক্টরাল গবেষক মেগান এনিয়ন। তাঁর মতে, পার্থক্যটা একজন শিক্ষক কী জানেন তাতে নয়, কী খেয়াল করেন তাতে।

তিনি বলেন, ‘কোনো চ্যালেঞ্জের মুখে একজন শিক্ষার্থী কেমন সাড়া দিচ্ছেন তা পড়তে পারা কিংবা বিভ্রান্তি, বিরক্তি আর আগ্রহ হারানোর মতো অনুভূতিগুলো ধরতে পারায় শিক্ষকের মতো দক্ষ নয় চ্যাটবট। সম্ভবত এ কারণেই চ্যাটবট শিক্ষার্থীদের অঙ্কে লেগে থাকতে সাহায্য করলেও অভিজ্ঞতাটিকে আরও পরিশ্রমসাধ্য করে তুলেছে।’

গবেষণাপত্রে চ্যাটবটকে বর্ণনা করা হয়েছে এক নাছোড় ডিজিটাল কোচ হিসেবে—সে আপনাকে চালিয়ে নিয়ে যাবে, কিন্তু কষ্টটা এক বিন্দুও কমাবে না। অন্যদিকে শিক্ষকেরা দক্ষ ছিলেন সেই কাজে, যাকে গবেষণাপত্রটি বলছে স্ক্যাফোল্ডিং—শিক্ষার্থী হাবুডুবু খেলে এগিয়ে আসা, আর আত্মবিশ্বাস ফিরলে চুপচাপ সরে যাওয়া।

সরে যাওয়াটাই কঠিন অংশ। কখন সাহায্য করা বন্ধ করতে হবে, তা বুঝতে একটা মুখ পড়তে জানা লাগে।

যা এই গবেষণা বলে না

এনিয়নের বড় বক্তব্যটি মাপকাঠি নিয়ে। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াল কেবল তা দিয়ে নয়, গোটা শেখার প্রক্রিয়াটিকে এআই কতটা সহায়তা করছে তা দিয়ে একে বিচার করা শুরু করতে হবে। শিক্ষা মানে স্বাধীন ও বিশ্লেষণী চিন্তার মানুষ গড়ে তোলাও।’

সহলেখক অধ্যাপক রস ম্যাকলেলান দরজা পুরোপুরি বন্ধ করেননি, ‘এআই টিউটরের একটি পরিপূরক ভূমিকা হয়তো থাকতে পারে। তবে পড়াশোনার কঠিন ধাপগুলো পার করাতে তারা কখনো শিক্ষককে ছাড়িয়ে যাবে—এটা ভাবা কঠিন।’

গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে দ্য ব্রিটিশ জার্নাল অব এডুকেশনাল টেকনোলজি–তে। এটি এসেছে এমন এক সময়ে, যখন শ্রেণিকক্ষে এআই ব্যবহারের নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্য সরকার পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে, আর কনজারভেটিভরা ক্ষমতায় ফিরলে শিক্ষার্থীদের এআই ব্যবহার কমাতে ইংল্যান্ডে কোর্সওয়ার্ক ছাঁটার প্রতিশ্রুতি দিয়েছে।

রাত এগারোটায় টেবিলে বসে থাকা যে শিক্ষার্থী একটা অঙ্ক কিছুতেই মেলাতে পারছেন না, তাঁর প্রশ্নের মীমাংসা অবশ্য এর কোনোটিতেই হয় না। এই তথ্যপ্রমাণ বলছে, চ্যাটবট তাঁকে আরও বেশিক্ষণ ওখানেই বসিয়ে রাখবে। সেটি সাহায্য কি না, তা নির্ভর করছে সন্ধ্যাটা আসলে কিসের জন্য ছিল, তার ওপর।

সূত্র: বিবিসি

লিখেছেন

Tech BD

টেক বিডি ঢাকাভিত্তিক একটি স্বাধীন প্রযুক্তি প্রকাশনা, প্রকাশিত হয় বাংলা ও ইংরেজিতে। লেখাগুলো আলাদা লেখকের নামে নয়, প্রকাশনার নামেই প্রকাশিত হয়; সংশোধন বা সূত্র নিয়ে প্রশ্ন পাঠানো যায় info@tech-bd.com ঠিকানায়।