এআইনির্ভর একটি টেলিভিশন চ্যানেলের পেটেন্টের জন্য আবেদন করেছে গুগল। ‘মাই চ্যানেল’ নামের এই চ্যানেলটির অনুষ্ঠানগুলোর প্রধান চরিত্রে দেখা যাবে দর্শককে নিজেকেই।
আবেদনে বলা হয়েছে, চ্যানেলটি একজন ব্যবহারকারীর পছন্দ ঘিরে ২৪ ঘণ্টা ভিডিও তৈরি ও প্রচার করবে এবং সেই একই পছন্দের সঙ্গে মিলিয়ে বিজ্ঞাপন জুড়ে দেবে। কোনো সন্ধ্যায় হয়তো আপনি নিজেকে দেখবেন ক্রিকেট বিশ্বকাপের গ্যালারিতে বসে প্রিয় দলের জন্য উল্লাস করতে, আবার কোনো দিন রোমান্টিক, কমেডি কিংবা রোমাঞ্চকর কোনো গল্পে।
অনুষ্ঠান বানাতে যা পড়বে চ্যানেলটি
চ্যানেলটি কাজ করবে নানা ধরনের ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে। আবেদন অনুযায়ী, এর মধ্যে আছে বয়সসহ ব্যক্তিগত পরিচিতি, ভিডিও দেখার ইতিহাস, ব্যবহৃত যন্ত্রের অবস্থান এবং ভাষার সেটিংস।
বিষয়টি কেবল পছন্দ-অপছন্দেই থামছে না। ব্যবহারকারীর ছবি ও কণ্ঠস্বরের নমুনা ব্যবহার করে তৈরি হবে একটি ভার্চ্যুয়াল অবতার, আর সেই অবতারকেই বসানো হবে তৈরি করা ভিডিওর প্রধান চরিত্রে। অর্থাৎ পর্দায় নিজের জীবন ও পছন্দ ঘিরে গড়া গল্পে দর্শক দেখবেন নিজের মুখটিই।
ব্যক্তিগত তথ্যের এই বিশ্লেষণ থেকে নির্দেশনা নিয়ে ভিডিও বানাবে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম—চ্যাটজিপিটির মতো চ্যাটবটের পেছনেও একই ধরনের প্রযুক্তি কাজ করে।

ধরন, আর সাম্প্রতিক ঘটনা
বৈচিত্র্যের প্রশ্নে পেটেন্টটি কার্পণ্য করেনি। এতে উল্লেখ আছে অপরাধ ও কমেডির মিশেলে তৈরি গল্প, রোমান্টিক কমেডি, কল্পবিজ্ঞানভিত্তিক অভিযান এবং অ্যাকশন ও থ্রিলারধর্মী কাহিনির কথা—সবই দর্শকের রুচি অনুযায়ী সাজানো।
আরও কৌতূহলোদ্দীপক হলো, ব্যবস্থাটি কেবল ব্যক্তিগত পছন্দেই সীমাবদ্ধ নয়। আবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীর আগ্রহের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মিলিয়েও ভিডিও তৈরি করা যাবে। অর্থাৎ চ্যানেলটি খবরকেও নাটকে রূপ দিতে পারবে, আর সেই নাটকে থাকবেন আপনি।
খরচ জোগাবে যে অংশ
চমকের আড়ালে বাণিজ্যিক উদ্দেশ্যটি স্পষ্ট। এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো, আর পেটেন্টে এ জন্য একটি নির্দিষ্ট প্রযুক্তির নামও আছে—‘অ্যাড স্টিচার’।
এআই দিয়ে তৈরি ভিডিওর ধারাবাহিক প্রবাহের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন বসিয়ে দেবে এই প্রযুক্তি। ব্যবস্থাটি যেহেতু আগে থেকেই জানে দর্শক কী ধরনের বিষয়বস্তু পছন্দ করেন—কারণ সে নিজেই সেটি বানাচ্ছে—তাই বিজ্ঞাপনও একই প্রোফাইলের সঙ্গে মিলিয়ে দেওয়া সম্ভব।
বিষয়টি নিয়ে একটু ভাবা দরকার। লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন নিয়ে সাধারণ অভিযোগ হলো, আপনি কী দেখেছেন তা থেকে প্ল্যাটফর্ম আপনার সম্পর্কে বড় বেশি জেনে ফেলে। এখানে প্ল্যাটফর্মটি আপনি কী দেখবেন তা-ও লিখে দিচ্ছে, ফলে বিষয়বস্তু আর প্রোফাইলের মধ্যেকার ফাঁকটাই আর থাকছে না।
যে তুলনাটি সবাই করবেন
ব্ল্যাক মিরর–এর সঙ্গে মিলটা জোর করে টানা নয়, আর গুগলের পরিকল্পনা বিশেষভাবে মেলে একটি পর্বের সঙ্গে—‘জোয়ান ইজ অফুল’। সেখানে জোয়ান নামের এক নারী জানতে পারেন, স্ট্রিমবেরি নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম তাঁর জীবনের ঘটনা নিয়ে টিভি সিরিজ বানাচ্ছে, আর তাঁর চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী সালমা হায়েকের এআই দিয়ে তৈরি একটি সংস্করণ।
পর্বটি লেখা হয়েছিল শর্তাবলি নিয়ে সতর্ক করতে। পেটেন্টটি সেই একই ব্যবস্থার বর্ণনা দিচ্ছে একটি পণ্য হিসেবে—পার্থক্য শুধু এই যে, অবতারটি ভাড়া করা তারকা নন, আপনি নিজেই।
পেটেন্ট কী, আর কী নয়
একটি সতর্কতা বারবার বলা দরকার—পেটেন্টের আবেদন মানে দাবি তুলে রাখা, পণ্য ঘোষণা করা নয়। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এমন অজস্র ধারণার আবেদন করে, যেগুলো কখনো বাজারে আসে না। আবেদনের একটি উদ্দেশ্য রক্ষণাত্মকও—এতে প্রতিদ্বন্দ্বী কেউ একই জিনিসের পেটেন্ট আগে নিয়ে নিতে পারে না।
কাজেই আগামী তিন মাসে গুগলের কোনো অ্যাপে ‘মাই চ্যানেল’ চলে আসবে, এমন আশা কারও করা উচিত নয়। তবে আবেদনটি যা বলে, তা হলো যাত্রার দিক—আর কোন অংশগুলো খুঁটিয়ে ভাবা হয়েছে। অবতার তৈরি আর অ্যাড স্টিচার, দুটোরই বর্ণনা আছে কার্যপ্রণালির স্তরে। সাধারণত এর অর্থ, টাকার হিসাবটা কীভাবে মিলবে তা নিয়ে কেউ গভীরভাবে ভেবেছেন।




